মো:একলাছ উদ্দীন (কিশোরগঞ্জ ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভারী বৃষ্টির মধ্যে নির্মাণাধীন বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিউলী আক্তার (১৬) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের উত্তর অষ্টঘরিয়া (নয়াপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।
শিউলী ওই এলাকার সাইদুর রহমানের মেয়ে। স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে ওই এলাকায় ভারী বৃষ্টি হচ্ছিল। এ সময় শিউলী বাড়ির নির্মাণাধীন একটি ঘরে ছিলেন। সেখানে বিদ্যুতের একটি তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। শিউলীর বাবা সাইদুর রহমান মুঠোফোনে বলেন, তাঁদের বসতঘরে মেরামতের কাজ চলছিল। ওই ঘর থেকে তাঁর মায়ের ঘরে বিদ্যুতের সংযোগ নেওয়া হয়েছিল। বৃষ্টির পানির কারণে তারে লিকেজ হয়ে বিদ্যুৎ ছড়িয়ে থাকতে পারে। ওই তার স্পর্শ করার পর শিউলী বিদ্যুৎস্পৃষ্ট হন বলে তিনি জানান।তবে ঠিক কীভাবে বিদ্যুতের তারে লিকেজ হয়েছিল এবং কোন পরিস্থিতিতে শিউলী বিদ্যুৎস্পৃষ্ট হন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে কটিয়াদী থানার পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। পুলিশ নিহত কিশোরীর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।কটিয়াদী থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।শিউলীর আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply